আজ আটটি কবিতা

কালের স্রোতে

মানুষ দেখে ভয় করে না
আজকালকার ইঁদুরে,
স্বামীর যতন ফুরিয়ে গেছে
সেকালের সেই সিঁদুরে।

নারী পুরুষ যায় না চেনা
শহরতলির রাজপথে,
শাড়ির কদর হারিয়ে গেছে
আধুনিকতার চোরা-স্রোতে।

হাতের শাঁখা যায়না দেখা
কিংবা মাথার ঘোমটা,
অঙ্গ- সাজের বাহার কতই
বাঁধ মানে না চোখটা।

মন দিয়ে আজ মন বাঁধে না
ভালো থাকার বাসা,
বিত্ততে আজ হারিয়ে গেছে
ভালোবাসার ভাষা।
.....................................✍️
ভুলেছি প্রেম আজ

আম -জাম -কাঁঠালের -সুপারির সারি
পাশাপাশি প্রতিবেশী
নেই ওদের আড়ি!

শাখে শাখে কত পাখি বাঁধে সুখী বাসা
আমরা তো ভুলে গেছি
ভালোবাসার ভাষা।

শাখে শাখে সুখ সেতু সবুজের সাজ
ছুটে মরি, মরীচিকায়
ভুলেছি প্রেম আজ!!
---------------------------------------------✍️
কবিগুরু

যে দিকে তাকাই
তোমাকে যে পাই
তুমি যে কবিগুরু,
সেই পথচলা
আধো কথা বলা
হয়েছিল সব শুরু।

সেই থেকে আজো
হৃদয়ের মাঝ ও
করে আছো অধিকার,
গল্প- ছড়ায়
মনটা ভরায়
ছন্দ সুরে একাকার।

নাটক নভেলে
একটাই ছেলে
করে গেলে বাজিমাত,
যত পড়ি আর
সমুদ্র সাঁতার
ফুরায় না আঁখিপাত!

তোমায় জানতে
বুঝতে- মানতে
এক জনমের নয়,
যদি ফিরি পুনঃ
একটুকুনো
আবার আসতে হয়!!
.....................................✍️
বোবাবৃক্ষবিলাপ

দারুন দহনে দাহ্য দেহ
দৈনন্দিন রোজনামচায়
জ্বলে যাই পুড়ে মরি
নিহত অভাব খামচায়।

কবির কলমে বোবা কালি
শব্দ জব্দ জীবনে
অথৈ চাহিদার ভীড়ে
মরছি অর্থ বিহনে।
যেদিকে তাকাই সংসার সাগরে
দীনতার দেবদারু
চাল নেই ডাল নেই হা-ঘরে হারাই
যত জঞ্জাল সরাই
অনেক অনেক অর্থ চাই
চাই সুস্থ সবল প্রাণ
চাইলেই তো যায় না পাওয়া
মোছে না মায়ার টান।
আসবে বলে এলোনা আকাশ
তাই বাতাস থেমে আছে
বোবাবৃক্ষে জমছে বিলাপ
ফুটছে না ফুল গাছে!
....................................✍️
যণ্ত্রনা

যন্ত্রণায় নিলাম হচ্ছে রাত
বিষণ্য প্রভাত
দুশ্চিন্তার কালো মেঘে
নিরুপায় দুটি হাত।

সামান্য আয়ে বাড়ন্ত ব্যবহার
অসম্পূর্ণ সাধ
কেমন করে মেটাই দাবি
অভাব তো দিন-রাত।

বন্দী ব্যথায় ব্যর্থ বিকেল
বিলাপে বিলকুল,
এমনি করে জীবন রচা
এ যে মস্ত ভুল।

নাচে না নদী, মজা পলি
তাই কাঁদে মন মাঝি,
জীবন-জীবিকার বলি
প্রেম পাখি দেয় বাজি!
...................................✍️
আঘাত

আপন ভেবে ভুল বলেছি বুঝি
পর পরিখায় মিথ্যে স্বজন খুঁজি
হাই আজীবন ভালোবাসার কাঙাল
একটু প্রেমে থামে সকল ভাষা।

হয়তো হঠাৎ অসংযমী অনল
তিরস্কারে উগরে দিলো গরল
থ মেরে যাই কিশোরবেলার কাছে
সম্ভ্রমে হার প্রাণ মেরে দিই পাছে।

কল্পনার ও অতীত ছিল জানা
সে বাকবাণ হৃদয়ে দিল হানা
গভীর ক্ষতে চিত্ত হল ক্ষত
মন- জমিনে রক্ত ঝরল কত।

কেউ দেখলো কেউ বুঝলো ছাই
একটু স্নেহ কার কাছে বা চাই
কাকে আপন স্বজন ভাবি হায়
খুব অসহায় উজান খেয়া বায়।
.............................................✍️
ভাঙছে

ভাঙছে সব এ শৈশব শিশুর খেলাঘর
কৈশোরকুল মৃত্যুবকুল ধূধূ বালুচর।

ভাঙছে মন যখন তখন সম্পর্ক সুখ
মিথ্যে আশায় ভালোবাসার স্বার্থে ভরা বুক!

ভাঙছে পথ এ রাজপথ, সেতু মহাসড়ক
মরছে মানুষ কথার ফানুস চলছে ক্ষতির মড়ক।

'ভাঙছে ঘর আপন পর' চলছে টানাটানি
ভালো-মন্দে নামছে সন্ধে কথার কানাকানি!

ভাঙছে বাঁধ হাসছে চাঁদ ভাসছে কত প্রাণ
স্বপ্ন সাধ সব বরবাদ বিষণ্ণতার গান!

ভাঙছে পাহাড়-পর্বত আর ভাঙছে সাগর ঢেউ
বিশ্বাসে আজ ভাঙছে বেড়া অবিশ্বাসের ফেউ!

ভাঙছে সমাজ কে রাবণরাজ চলছে বিশ্বজুড়ে
'স্বপ্ন স্বরাজ নেই নীতি আজ' অঙ্গ যাচ্ছে পুড়ে!

ভাঙছে লাজ আগলা সাজ চোখ ছুটে যায় নিত্য
রং মেখে সং কেউ করে ঢং ছল চঞ্চল চিত্ত!

হাড় ভাঙছে পাড় ভাঙছে, ভাঙছে এ কূল ও কূল,
ভাঙাভাঙির মাঝেও জীবন ফোটায় নতুন ফুল!!
..................................................................✍️
মায়ামেঘ

প্রেম ও প্রেমিকা পুরাতনি আজ
স্মৃতির সায়রে পানকৌড়ি ডুব
দুধবলাকায় মেঘ ভাঙা লাজ
কি ভীষণ ব্যথা, মন কাঁদে খুব!

সংসার সনাতনি সুখ- সখ ভুলে
বাঁধা ছকে ঘেরাটোপ ও যাপন চিত্র
হিসাবের হলাহলে বাসি-পচা ফুলে
এলো না তো আজও কেউ আপনার মিত্র!

দিন গোনা মাস গোনা বছরের অন্তে
ঋণ রাগে রক্তিম বিমূর্ত ছন্দে
মায়ামেঘে মগ্ন বিষাদ বসন্তে
আজীবন পরবাসে মরি মনঃদ্বন্দ্বে।

সারি সারি আবাস, রাঙা সখষোলো
দেখি আর দুঃখে দু আঁখি ভাসে,
এই ভাবে হাঁটা অনেক তো হলো,
কবে বলো, সুদিনের সূর্যটা হাসে।

*******মৃত্যুঞ্জয় হালদার*********✍️







Comments

Popular Posts