আজ নয়টি ছড়া

চুরি গেছে

চুরি গেছে শৈশব-কৈশোর কলরব
চুরি গেছে জীবনের হাসি গান উৎসব।

চুরি গেছে মাঠ- ঘাট সবুজের সমাহার
পাখির কূজন নেই কোকিলের ডাক আর।

চুরি গেছে মানুষের মন আর মমতা
সংকটে পড়ে আজ নেই কোনো সমতা!

চুরি গেছে প্রেম আর প্রেয়সীর প্রীতি টান
পড়শীর প্রাণ নেই নিয়ত বিবদমান!

চুরি গেছে চেনা পথ অচেনার গলিতে
সেতু শুয়েছে নদে মজানদী পলিতে।

চুরি গেছে চিঠি আর শব্দের ঝরনা
কেউ লেখে এস এম এস নেটে দেয় ধরনা!

হারিয়েছে সেই গান অতীতের চেনা সুর
বেশরমি মন খোঁজে সুখ তার সুমধুর।

হারিয়েছে কথা আর কবিতার ছন্দ
বিমূর্ত কবিতা পড়ে মনে লাগে ধন্ধ!!
*************************************
সময়ের সাত-পাঁচ

নেই কোনো রাখ-ঢাক
সব খোলামেলা
ফোনে যত বকবক
বয়ে যায় বেলা।

খুব ভালো লাগছেই
প্রেম- প্রেম খেলা
কত খিদে জাগছেই
প্রজাপতি মেলা।

ফেসবুকে পেশ করা
কত ঢপ তথ্য
সেটাকেই সাচ ভেবে
কথাতেই মত্ত।

কারো প্রেমে পরিণতি
কারো প্রেম ফক্কা
ফন্দির দুনিয়াতে
কেউ মারে ছক্কা।

অর্থেই মেলে আজ
দুদিনের বন্ধু
গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড
তিল থেকে সিন্ধু!
**************************
কালচার

আমি, আমরা ভুলছি সবাই
সেই স্বদেশী কালচার,
দিনে দিনে খুব আধুনিক
বলছি সমাজ হালদার!

প্রযুক্তি আজ আকাশ ছোঁয়া
তবুও দারুণ অসময়!
শান্তি যেন নেই কোথাও
ভীতির হওয়া বিশ্বময়!

খাচ্ছি কত চাও- পিজ্জা 
রোল- ইডলি- ধোসা
ইংরেজিতে ছুটছে বুলি
বাংলাতে হই গোঁসা!

সাজ-পোশাকের রকমফেরে
চোখ হয়ে যায় ট্যারা!
নকল মনের প্রেম পিরিতি
ভাঙছে শালীন ব্যাড়া।

সেই সুরে আর মন ভোলে না
ব্যান্ড বকে যায় ডিজে
ধরন-ধারণ বদলে ফেলে
দেশটা হ'ল কি যে!

চিঠির ভাষা ভুলেই গেছি
এস.এম.এস- এর ঢঙে
রঙিন জীবন উঠছে ফুলে
নিত্য নতুন রঙে!
*****************************
বিজ্ঞাপনে- সঙ্গোপনে

বিজ্ঞাপনের বহর দেখি খবর- কাগজ জুড়ে,
হাওয়া বদল করতে পারো দেশ ও বিদেশ ঘুরে।

পাত্র চাই, পাত্রী চাই কাগজে ঘটক মেলে
পাতা জোড়া 'কর্মখালি' যেমন খুশি গেলে।

চাইলে তুমি লম্বা হবে 'টল-টনিক'টা খেলে
চুলটা ঘন কালো হবে 'চুল- কালো' তেল ঢেলে।

লেখাপড়ায় একাগ্রতা কেউ বাড়াতে চাইলে
নিশ্চিন্ত! 'ব্রেন-ওয়ালা' কয়েক বোতল খাইলে।

হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সারবে তাড়াতাড়ি
'লিভার- গুডে'এ গ্যাস অম্বল হয় না বাড়াবাড়ি।

'বিজ্ঞাপনে বিশ্বজয়!'এতো কোন স্বপ্ন নয়
কথার ফুলঝুরি জ্বেলে চলছে মধুর অভিনয়।

এমনি কতো চমকদারি চলছে রোজ বিজ্ঞাপনে
স্বপ্নের জাল বুনছে ওরা তোমার-আমার সংগোপনে।
********************************************
রং রুট
জনজট   যানযট    ঝঞ্ঝাট    চারদিক
ফুল ফোটে   চাঁদ ওঠে   ঘড়ি ছোটে   ঠিক ঠিক!

এত ভাব   যে অভাব   সে স্বভাব   নষ্ট
দিন- রাত  এক সাথ   মনে মনে   কষ্ট।

কানাকানি   রাহাজানি   হানাহানি   চলছে
রোগেশোকে   সানস্ট্রোকে   পৃথিবীটা   জ্বলছে!

মাঠ-ঘাট   হাট বাট   ঠটবাট   ভুলে সব
ছেঁটে গাছ   চলে রাজ   ইমারত   উৎসব!

বেশবাসে   কেশরাশে   চোখহাসে   ফিকফিক
ঘরকোণে   স্মার্টফোনে   রিংটোনে   লিমেরিক।

ঝকমারি   কত যুবা   চালিয়াত   জাঁকালো,
জীবনের   মাঠে শুধু   শূন্যটা   হাঁকালো।

রকমারি   কত নারী   ঢঙে ভারি   ভরপুর
মেখে রঙ   সাজে সঙ   ভাঙেসব    মনপুর!
*****************************************
প্রযুক্তি

বিশ্ব যে আজ বন্দী ঘরে
প্রযুক্তির এই প্রাণ ভ্রমরে
উড়াল দিয়ে ডানা
যাচ্ছি কোথায় কোন অজানায়
সুখের খোঁজে কোন বাহানায়
নেইকো কারো জানা!

শব্দ স্মৃতি, আজ অতিথি
মেসেজ ছাড়া নেইকো গতি
ইমেইল, অ্যাপস, নেটে
মুখ বুঁজে আর ঘাড় গুঁজে
সুখের চাবি যাই খুঁজে
খড়ের গাদা ঘেঁটে!

নেই ক্যাসেট আর কলের গান
প্রযুক্তির আজ এই নবদান
পেনড্রাইভ- ডিস- চিপে
নেই বেতার আর টেপরেকর্ডার
জিও জীবন ডিজের অর্ডার
দুলছে দেহ নিপে!

সিনেমা হলে নেই কোলাহল
সেই ছবি নেই, নেই ভরা হল ্্
চোখ ডিজিটালে বন্দী
ঘরটাই এখন সিনেমা হলে
হয়েছে বদল বিলাস মলে
সংসারে সুখ-সন্ধি!!
******************************
আছে এক মামা

আছে এক মামা বেশ দমদার সব জানা জ্ঞানপাপী
সেই মামারই গল্প-গাথায় খুলছি মনের ঝাঁপি।

আইবুড়ো ভাম একলা মামা দিদির সাহারায়
সকাল বিকাল নিয়ম করে পুলেতে সাঁতরায়!

রোগা -ভোগা পক্ককেশে ঠ্যাঙ ভাঙা হারগিলে
জীবনযুদ্ধে ব্যস্ত এখন ক্রুদ্ধ 'কারগিলে'!

ক্যান্সার আর ঘুম কম রোগ, রাত্রি-জাগা তাই
তবু ভোর ভোর খবর-কাগজ খুঁটিয়ে পড়া চাই!

সবকিছুতেই খবরদারি নজরদারি বেশ
ভালো- মন্দের বিজ্ঞমামার চিন্তার নেই শেষ!

ফোনে ফোনে কথার খোয়াব, তাল ঠুকে যায় নিত্য
সাদা মনে নেই কাদা তাঁর বিলকুল সাফ চিত্ত!

ঘোষ পাড়ারই একটা ঘরে সেই মামাটি আছে
মগজ ধোলাই হওয়ার ভয়ে কেউ যায় না কাছে!
*****************************************
সময়ের সাতকাহন

সৃষ্টিছাড়া দৃষ্টিহারা
বিশ্ব বেসামাল
বর্ষভরে ঘর্ম ঝরে
একি কলিকাল!

বেশবাসে নেই, সম্ভ্রম সেই
নির্লজ্জ সব
বিশ্বজুড়ে দেখছি ঘুরে
প্রেম প্রেম উৎসব।

নেই প্রীতি প্রেম সব মায়া ফ্রেম
হিংসা -দ্বেষে অন্ধ,
ফন্দি পাতা -জীবন খাতা
সৎসওদা বন্ধ!

বাড়ছে আয়ু এ পরমায়ু
জীবনদায়ী পথ্যে,
ভেজাল খাদ্যে কি সুস্বাদে
মানুষ যাচ্ছে বরতে!

প্রযুক্তি আজ খুব করে রাজ
মানুষ গৃহবন্দী!
নেই তবু সুখ অথৈ অসুখ
ঔষধে প্রাণ সন্ধি!

পথ- রাজপথ নেই নিরাপদ
ওৎপাতা ভয়রাত,
কে কোন তালে মদমাতালে
বাড়ায় কালোহাত!
********************************
ভাঙতে পারে!

ভাঙতে পারে ঘর ও বাড়ি
ভাঙতে পারে মন,
ভাঙতে পারে পথ ও গাড়ি
অগোছালো জীবন।

ভাঙতে পারে সেতু -সড়ক
ভাঙতে পারে গাছ,
ভাঙতে পারে আকাশ বাতাস
ভাঙতে পারে বাজ।

ভাঙতে পারে প্রেমও প্রাচীর
ভাঙতে পারে সুখ,
ভাঙতে পারে নদীর ও তীর
বিষাদভরা বুক।

ভাঙতে পারে কাঁচের দেরাজ
ভাঙতে পারে আয়না,
ভাঙতে পারে বিশ্বাসটাও
আর তা পাওয়া যায় না।

ভাঙতে পারে মাটির পুতুল
ভাঙতে পারে ভুল,
ভাঙতে পারে একতা আর
ভাঙতে পারে কুল।

ভাঙতে পারে হাড় ও পাহাড়
ভাঙতে পারে চাঁদ,
ভাঙতে পারে বিশ্বভূবন
প্রতারণার ফাঁদ।

ভাঙতে পারে কত কিছুই
ভাঙতে পারে সব,
দুনিয়াজুড়ে ভাঙাভাঙির
চলছে যে উৎসব।
***************মৃত্যুঞ্জয় হালদার************












Comments

Popular Posts